শরীয়তপুর গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুুর সোয়া ১টার দিকে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের কোলচরী পাতারচর গ্রামের পাশে জয়ন্তী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫-৩০ বছর। হাত পা বাধা অবস্থায় ছিল।
বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর জেলার আতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।