জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের চৌমুহনা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
রক্তাক্ত জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলা আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। সভা যৌথভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী এবং সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ।
আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু, কাজী মনজুর আহমদ, শাহ মো. মিছবাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, জেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলালী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ এবং যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করতে গিয়ে আমরা সেই রক্তাক্ত স্মৃতিকে স্মরণ করছি। মৌলভীবাজারের চৌমুহনা চত্বরে জুলাই আন্দোলনের সময় যে রক্ত ঝরেছিল, সেই স্মৃতি আজও মানুষের মনে অম্লান। জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার নানা অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজনেও জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের স্মৃতিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। কিন্তু জুলাইকে কখনো মুছে ফেলা যাবে না। এ ধরনের অপচেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।”
তিনি দাবি করেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছরেও রাজনৈতিক দলগুলোকে যে ঐক্যে আনা সম্ভব হয়নি, জুলাই আন্দোলনের যোদ্ধারা তা করে দেখিয়েছেন। জুলাইয়ের প্রশ্নে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ।”
আলোচনা সভা শেষে বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ডকুমেন্টারিটি উপভোগ করেন।