ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই ইউনিয়নে সোনাবিলের মাছ চাষে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মাছভর্তি গাড়ি ছিনতাই, চালককে মারধর সহ প্রায় ৮০ হাজার টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ত্রিশাল থানার সান্কিভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রমজান আলী বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শাকুয়াই সোনাবিল থেকে বিভিন্ন জাতের ধরা প্রায় ১০ মণ মাছ যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। মহিন্দ্র গাড়িতে করে ধোবাউড়া বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে শাকুয়াই মোড়ে পাকা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা গাড়িটির পথরোধ করেন এবং চালককে মারধর করেন। এ সময় মাছসহ প্রায় ৩ এক্ষ টাকা মূল্যের একটি মহিন্দ্র গাড়ি জোরপূর্বক ছিনিয়ে নেয়। পাশাপাশি অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের চেষ্টা চালান। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলার শাকুয়াই ইউনিয়নের জৈনাটি গ্রামের মো. ইদ্রিস খান, দুদু মিয়া ও লোকমানসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
এ বিষয়ে সোনাই বিলের লিজ গ্রহীতা কামরুজ্জামান কামাল জানান, তিনি আড়াই বছর আগে সোনায়েত বিশ্বাসের নিকট থেকে বিলটি লিজ নেন। লিজ নেওয়ার পর থেকেই বিভিন্ন জটিলতা দেখা দেয় এবং পরবর্তীতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে একটি ফয়সালা করা হয়। এই ফয়সালার সূত্রে ইদ্রিস খানের কাছে ১৮ লক্ষ ৮৪ হাজার টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ও ৪ লক্ষ ৪২ হাজার টাকা সহ বিলের লিজের কোনো টাকাই পরিশোধ করা হয়নি। এছাড়া ইদ্রিস খান কখনো বিলে মাছ ছাড়েননি এবং মাছের খাদ্য ও পরিচর্যাতেও অংশ নেননি। লিজের পাওনা টাকা না পেয়ে যখন মাছ বিক্রি করে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই ধোবাউড়া যাওয়ার পথে মাছের গাড়িটি আটকে দেন ইদ্রিস খান।
ব্যবসা অংশীদার মোহাম্মদ ইমদাদুল হক জানান, কামরুজ্জামান কামালের সাথে তারা শেয়ারে এই বিলের মাছের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত সোমবার মাছ বাজারে বিক্রির জন্য ট্রলিতে করে ধোবাউড়ার উদ্দেশ্যে গাড়ি পাঠানো হলে ইদ্রিস খান ও তার লোকজন মিলে গাড়িটিসহ মাছ আটকে রাখেন। এই ঘটনায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে জানান।
ঘটনার বিষয়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন , বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং উভয় পক্ষকে একত্রিত করে স্থানীয়ভাবে এটি মীমাংসার চেষ্টা করবেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।