জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ লাভলী বেগম।
এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে বিগত সময়ে এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পুনরায় নির্বাচিত করার জন্য দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করছেন।
লাভলী বেগম উপজেলার শিরতা গ্রামের মোঃ সাইদুল ইসলামের স্ত্রী। তার স্বামী এলাকায় একজন পরিচিত ব্যক্তি।
বিগত নির্বাচনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সর্বোচ্চ ২ হাজার ১শ ভোট পেয়ে নির্বাচিত হন এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
দায়িত্ব পালনকালে তিনি এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য অসংখ্য ড্রেন ও কালভার্ট নির্মাণ করেছেন।
এছাড়া সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং ভিজিডি, ভিজিএফসহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত হকদারদের মাঝে স্বচ্ছতার সাথে সুষম বণ্টন নিশ্চিত করেছেন। নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এ বিষয়ে লাভলী বেগম বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করেছি, শাসক হিসেবে নয়। গত ৫ বছরে আপনাদের পাশে থেকে যতটুকু পেরেছি উন্নয়ন করার চেষ্টা করেছি। কিন্তু এখনও অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে।
তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আমাকে আবারও নির্বাচিত করলে আমার প্রথম কাজ হবে অসমাপ্ত রাস্তা, ড্রেন ও কালভার্টগুলোর নির্মাণ কাজ শেষ করা। প্রতিটি ওয়ার্ডকে শতভাগ বাল্যবিবাহ ও মাদকমুক্ত করব। নারী ও শিশু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।
সরকারি সকল সেবা যেন একজন গরিব মানুষও হয়রানি ছাড়া পায় সেটা নিশ্চিত করব। বিশেষ করে মা-বোনদের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য কাজ করবো। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার মুল শক্তি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবো।
স্থানীয় নারী ভোটাররা জানান, লাভলী মেম্বার একজন শিক্ষিত ও ভদ্র মহিলা। তিনি বিপদে-আপদে সবসময় তাদের পাশে দাঁড়ান। একজন নারী জনপ্রতিনিধি হিসেবে তিনি নারীদের সমস্যাগুলো ভালো বোঝেন। তাই আগামী নির্বাচনে আবারো তাকেই নির্বাচিত করবেন বলে মনে করছেন।