জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন,আপনাদের (জনগণের) দোয়া ও পরামর্শ নিয়েই সমতার বাংলাদেশ, সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হলে জনগণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের বিনা মূল্যে ভোট দিন, আমরা জনগণকে বিনা মূল্যে সেবা দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সবসময় জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।
তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।