পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পাটগাতী পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। শেখ লুৎফর রহমান সেতুর নিচের মাঠজুড়ে বসা এ হাটে বাড়ছে পশুর আমদানি ও ক্রেতাদের ভিড়।
২০২৬ সালের শুরুতে চালু হওয়া এ হাটে শুরুতে প্রতি শনিবার বসলেও ঈদকে সামনে রেখে এখন সপ্তাহজুড়েই চলছে বেচাকেনা। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে খামারিরা গরু, মহিষ, ছাগল, খাসি ও ভেড়া নিয়ে আসছেন। বিশেষ করে মাঝারি আকারের দেশীয় গরুর চাহিদা বেশি দেখা গেছে।
হাট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি পশু বিক্রিতে সরকার নির্ধারিত শতকরা ২ টাকা ৫০ পয়সা খাজনা নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বাজার কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। তিনি জানান, পশুর হাটটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস জানান, উপজেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ৪ হাজার ১২২টি পশু। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ৪ হাজার ২৩৯টি পশু, যা চাহিদার তুলনায় ১১৭টি বেশি। এর মধ্যে রয়েছে ৩ হাজার ১৮৪টি ষাঁড়, ১৭টি বলদ, ৮২টি গাভী, ৯৩৮টি ছাগল ও ১৮টি ভেড়া।
বিশেষজ্ঞদের মতে, দেশীয় খামারভিত্তিক উৎপাদন বাড়ায় এখন কোরবানির পশুর জন্য বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে পাটগাতী পশুর হাট।