শিরোনাম :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে অ’বৈ’ধ ৪টি ইটভাটা বন্ধ, ১৬ লাখ টাকা জরিমানা

মোঃ মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি / ১২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি ইটভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে এক্সকেভেটরের সাহায্যে ইটভাটাগুলোর কিলন ভেঙে ফেলা হয়, ফলে তাৎক্ষণিকভাবে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় অবস্থিত মেসার্স একেএম ব্রিকসে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসে ৫ লাখ টাকা, চিলমারীর কিষামতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

এ সময় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category