অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, মানিকের জিজ্ঞাসাবাদে নাঙ্গলকোটে অটোরিকশাচালক মেহেদী (১৮) ও আরমান হোসেন (১৫) হত্যার রহস্য উদঘাটন হয়েছে।
গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আতিয়াবাড়ী এলাকায় অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, মেহেদীকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাইয়ের কথা আসামিরা স্বীকার করেছেন। মানিক ও তাঁর সহযোগী সেলিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তদন্তে মানিকের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি নিখোঁজ অটোরিকশাচালক আরমানের বলে শনাক্ত হয়। পরে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে আরমান হত্যার যোগসূত্র পায় পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর মানিক আদালতে আরমানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
এ ছাড়া ২০২৪ সালে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান সাইমন (১৭) নামে এক চালককে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে।
পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালকদের টার্গেট করে হত্যাকাণ্ডে জড়িত থাকায় মানিককে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন।