আজ গোপালগঞ্জে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ সুজন মিয়ার বিরুদ্ধে এজলাসে এক শিক্ষানবিশ আইনজীবীকে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মেরে মারাত্মক রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষানবিশ আইনজীবীর নাম সানিহা সুলতানা। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ আদালত ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে ও লিখিত আবেদন থেকে জানা যায়, আহত সানিহা সুলতানা গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এম. এম. জুলকাদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কর্মরত রয়েছেন। আজ আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে তিনি ২য় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত ছিলেন। বিচারক মোঃ সুজন মিয়া কোনো কারণ ছাড়াই হঠাৎ তাঁকে উদ্দেশ্য করে নিজের টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। পেপার ওয়েটটি সরাসরি তাঁর কপালের ডান পাশে লেগে কপাল ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে এজলাসেই লুটিয়ে পড়েন।
এ সময় আদালতে উপস্থিত অন্য আইনজীবী ও মোহরাররা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী আইনজীবী সানিহা সুলতানা লিখিত অভিযোগে জানান, বিচারক মোঃ সুজন মিয়া দীর্ঘদিন ধরে পেশাগত আচরণের বাইরে গিয়ে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার ও খেয়ালখুশি মতো আচরণ করে আসছেন। ইতিপূর্বেও তিনি অ্যাডভোকেট দিলীপ বিশ্বাসের মোহরার আমিনুল ফকিরকে একইভাবে আঘাত করেন, যাতে তাঁর কোমর গুরুতর জখম হয়।
এ ঘটনার প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে আহত শিক্ষানবিশ আইনজীবী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।