বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় সবুজায়ন বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম। ২০২৫-২৬ অর্থবছরে ‘পার্বত্য চট্টগ্রামে সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন পাড়া, মৌজা ও গ্রামে পর্যায়ক্রমে সাড়ে ১১ হাজার ফলদ ও বনজ চারা বিতরণ করা হবে।
মঙ্গলবার(১১আগষ্ট) দুপুর ১২টায় পানছড়ি উপজেলা পরিষদের সামনে স্থানীয়দের হাতে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী এবং পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। তাঁরা স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা বিতরণ করেন।
খাগড়াছড়ি বন বিভাগের আওতাধীন পানছড়ি রেঞ্জের আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় বনায়নের মাধ্যমে পাহাড়ি এলাকায় সবুজায়ন বাড়ানো, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলায় ১১ হাজার ৫০০টি চারা বিতরণ করা হবে। বসতভিটায় বনায়নের জন্য প্রতিটি পরিবারের প্রয়োজন অনুযায়ী চারা দেওয়া হবে। ধাপে ধাপে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।’
পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী বলেন, ‘সরকারের সবুজায়ন প্রকল্পের বরাদ্দ অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পানছড়ি রেঞ্জের মাধ্যমে আজ চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।’
বন বিভাগের কর্মকর্তারা আশা করছেন, বিনামূল্যে চারা বিতরণের এ কার্যক্রমের ফলে উপজেলার বসতভিটা ও অনাবাদি ভূমিতে বনায়ন বাড়বে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বন ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে।