ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ করেছেন জেলার সাংবাদিকরা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।
মিষ্টি বিতরণ শেষে সাংবাদিক নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন হিসেবেই রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। নিজ জেলার একজন কৃতী সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় ঠাকুরগাঁওবাসী আনন্দিত ও গর্বিত।
তারা আরও বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা।
এসময় সাংবাদিকরা রাষ্ট্রপতির সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।