টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক পূর্বশত্রুতার জেরে এক ভাইয়ের হামলায় অপর ভাই নিহত হওয়ার পর ১০ দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামীকেনগ্রেফতার করতে পারেনি পুলিশ । আর এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে ।
আর এ বিষয়ে নিহতের ছেলে মো. আজমির হোসাইন জানান, গত ১১ আগস্ট আমার বাবা মো. আব্দুল হালিমকে আসামী মো. মোজাম্মেল হক,মো. হাবিবুর রহমান, মো. লিমন হাসান,মো. আমিনুল ইসলাম ও শাহজালালরা মিলে আমার বাড়িতে এসে বাড়ীর পিছনের দরজায় পাকা রাস্তার পাশে ডেকে নিয়ে কোন কথা না বলে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। তার ডাক চিৎকারে আমিসহ আমার মা,বউ,ভাইয়ের বউরা দৌড়ে গেলে আমাদেকেও এলোপাথাড়ি মারপিট করে। এক পর্যায়ে আমার বাবার অবস্থা খারাপ হলে এবং ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে আমরা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার দাফনকার্য শেষ করে এ বিষয়ে ১৪ আগস্ট মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করলেও গত প্রায় ১০ দিন পার হলেও এখনো কোন আসামী ধরছেনা পুলিশ। কেন এবং কোন রহস্যে এমন হচ্ছে তাও বলতে পারছিনা।
নাম প্রকাশে স্বজনদের একজন জানিয়েছেন,
মামলা করার পর থেকে ১০ দিন পার হলেও এখনো কেন পুলিশ আসামী ধরছেনা বলা মুশকিল। তবে শোনা যাচ্ছে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে বিভিন্ন ভাবে হুমকিও দেয়া হচ্ছে। আর এ কারণে শোকাবহ এ পরিবারের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম ফজলুল হক জানান, আসামী গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আমরা তৎপর রয়েছি।