গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও পিবিআই যৌথভাবে কাজ করছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।