মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩১ জুলাই ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ অবস্থায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিলাম অথবা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন রোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।