হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জঙ্গল থেকে ফরহাদ হোসেন মাহি (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে ফরহাদকে অপহরণ করা হয়। পরে তাঁকে একটি বাসায় আটকে রেখে মারধর করা হয় এবং একপর্যায়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুরের আন্দিউড়া এলাকায় এনে মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পর ফরহাদকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল। হত্যার পেছনে পরকীয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।