রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার(১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
এছাড়া রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।মাদক সেবনের দায়ে আটক হয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)।অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।