• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

রক্তাক্ত সড়কে মানবিকতার হাত বাড়ালেন তাজ, পৃথক দুর্ঘটনায় নি’হত ৩

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

নওগাঁয় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। রোববার (২৪ মে) রাতে জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

রাত প্রায় ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে একইদিন রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলী জাকের (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হন। তারা রাজশাহীতে পড়াশোনা করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে নওগাঁর দিকে আসার সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় সাংগঠনিক সফরে যাওয়ার পথে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। আহতদের অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত একটি সিএনজি ভাড়া করে তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সময় তাজুল ইসলাম তাজের মানবিক উদ্যোগে উপস্থিত স্থানীয়রা প্রশংসা করেন। অনেকেই বলেন, দুর্ঘটনার পর যখন কেউ এগিয়ে আসছিল না, তখন তিনিই দ্রুত আহতদের হাসপাতালে পাঠিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।26

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমি সাংগঠনিক কাজে বলিহার ইউনিয়নে যাচ্ছিলাম। পথে দেখি তিন যুবক গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে আছে। অনেকেই তখন ভিডিও ও ছবি তুলছিলেন, কিন্তু কেউ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন না। মানবিক দায়িত্ববোধ থেকে আমি দ্রুত তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আমাদের সবারই মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলেই একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category