গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল। ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২৫ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিহত মাইক্রোবাস চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার হালিম শেখ (৫৮), আজিজুর রহমান (৪৫), ফাতেমা (৪২), তাহসিনা (২০), রিফাত আলী (২০), মামুন দাড়িয়া (৪২) এবং প্রাইভেটকার চালক খুলনার ছোট বয়রার রাব্বি (২৯)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী ‘কোটালীপাড়া স্টার এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সোনাশুর এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পেছন থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করলে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।