কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার ৩ নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন-কে পরিকল্পিতভাবে হয়রানি এবং তাঁকে সপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় শিমুলকান্দি হাই স্কুল মোড়ে ‘শিমুলকান্দি ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখায় ইউনিয়নের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা বলেন, মিজানুর রহমান রিপন আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাঁকে বিনা কারণে হয়রানি করা মানে শিমুলকান্দির সাধারণ মানুষকে অপমান করা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে তাঁকে তাঁর চেয়ারে ফিরিয়ে দেওয়া হোক।
বক্তারা আরো বলেব, ইউনিয়ন পরিষদে গেলে আমরা এখন সেবা পাচ্ছি না। জন্ম নিবন্ধন থেকে শুরু করে জরুরি কাগজপত্রের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের প্রিয় চেয়ারম্যানকে ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনটি প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে পুনর্বহাল করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।