কেউ প্রতিবন্ধী, কেউ দিনমজুর, কেউ বয়োবৃদ্ধ, আবার কেউ জীবিকার তাগিদে চালান রিকসা কিংবা ভ্যান। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এসব মানুষের অনেকেরই নুন আনতে পানতা ফুরানোর অবস্থা। ঠিক এমন সময় তাদের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।
ঈদকে সামনে রেখে লোগাং জোন সদর দপ্তরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম। উপহার সামগ্রী হাতে পেয়ে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক মানুষের মুখ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাণভরে দোয়া করেন বাহিনীর সদস্যদের জন্য।
মানবিক এ উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিজিবি। এ সময় লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক ও সহকারী পরিচালক মো: আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, বরং মানবিকতার একটি অংশ।
তিনি আরও বলেন, “আমরা চাই ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক। বিশেষ করে যারা দুস্থ ও অসহায়, তারাও যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—সেই প্রত্যাশা থেকেই আমাদের এই আয়োজন।”
অধিনায়ক জানান, মানবিক সহায়তার এই কার্যক্রম অতীতের ধারাবাহিকতার অংশ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সমাজের মানুষের পাশে থেকে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।