ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্য। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪০), তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল এবং অটোরিকশাচালক মাহবুব (৪৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী কন্যা আদিবা। তাদের অবস্থার অবনতি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কসবা থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগম, তার ছেলে আশরাফুল ও অটোরিকশাচালক মাহবুবকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।