কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
সোমবার (৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ওসি। তিনি বাল্যবিয়ে, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এসময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এক বিশেষ ঘোষণা দেন তিনি। ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “যেসব শিক্ষার্থী নিজ উদ্যোগে অন্তত পাঁচটি গাছ লাগাবে, তাদের থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত দুটি করে বই উপহার দেওয়া হবে।
পুলিশের এমন ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতি শহিদুল হক শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ গঠনে জেলা পুলিশের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।