কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। নারী-পুরুষসহ অভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার মধ্য অষ্টগ্রামের সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকায়
এঘটনা ঘটে।
ভুক্তভোগী লায়েছ মিয়া বলেন, অভিযুক্ত আমির আলী (৬০) নজরুল মিয়া (৪০) আইজুল মিয়া (৩৮) সোকেল মিয়া (৩৫) শাকিল মিয়া (৩২) আন্নাছ আলী (৪২) মেহেরা আক্তার (৪৬) মর্জিনা আক্তার (৩২) গংরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এসময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহতরা হলেন—লায়েছ মিয়া (৪২), তার স্ত্রী দ্বীপা আক্তার (৩২), মা রাবিয়া খাতুন (৬০), আত্মীয় ঝরেনা আক্তার (৩৮), আরিফ মিয়া (২৫) ও করুনা আক্তার (৩০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ভুক্তভোগী লায়েছ মিয়া বাদী হয়ে একই এলাকার আমির আলী (৬০), তার ৫ ছেলেসহ মোট ৮ জনের নাম উল্লেখ করে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।
স্হানীয়রা বলেন, রজু মিয়ার ছেলে লায়েছ মিয়ার সঙ্গে প্রতিবেশী আমির আলী ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আমির আলীর নির্দেশে তার ছেলেরা ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে লায়েছ মিয়া পরিবারের নারী-পুরুষের উপর হামলা চালায়। নারীদের গায়ে হাত তুলা এই এলাকায় প্রথম দেখলাম। গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার করে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমির আলী বলেন, মবত আলীর ছেলে-মেয়েরা সাড়ে পাঁচ শতাংশ জমি খারিজ করে আমার কাছে বিক্রি করেছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আমি রায় পেয়েছি। প্রতিপক্ষ আদালতে আমার ওপর হামলা করেছে। পরে বাড়িতে এসে আমার দুই ছেলেকে মারধর করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।