• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও ইকো-ট্যুরিজম পার্ক গঠনের দাবি

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (১৩ জুন) দুপুরে বিল এলাকায় বট, কৃষ্ণচূড়া ও বকুলের চারা রোপণ করা হয়। পরবর্তীতে জবই বিলের পানি দূষণ প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলের পাখি চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জবই বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। দীর্ঘদিন ধরে এ সংস্থাটি যে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও পরিকল্পিতভাবে সংস্থাটির সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফরহার হোসেন, সাধারণ সম্পাদক কারিম ও সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জানান, গত ১১ বছর ধরে সংস্থাটি জবই বিলের পরিবেশ, জলজ সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে।

সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সংস্থাটি কাজ করে যাবে।

এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ জবই বিলকে কেন্দ্র করে একটি ইকো-ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা এবং বিলের একটি অংশকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি তুলে ধরেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category