খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকার বাসিন্দা আছাদ শেখের পরিবার ও কয়েকটি ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
রোববার (২১ জুন) পানছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, শহিদ মিয়া গং দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হয়রানিসহ চার চার বার মারধর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে আবারও ভুক্তভোগী পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করা হয়। যার মাঝে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুযা ছাত্রী ও একজন প্রতিবন্ধী ছেলেও তাদের হামলা ও মারধর থেকে রেহাই পায়নি।
ভুক্তভোগীরা জানান, চলমান পরিস্থিতিতে তারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত শহিদ মিয়া গংদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।