• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

চীনা পর্যটকের সঙ্গে অশোভন আচরণ, আটক টিকটকার

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে আব্দুল মাবুদ ওরফে ‘হিরো নানা’ নামে পরিচিত এক টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মাবুদ জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এক চীনা নাগরিক দেশের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন। এ সময় আব্দুল মাবুদ ওই বিদেশি পর্যটকের অনুমতি ছাড়াই তার ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন বিব্রতকর ও অশোভন মন্তব্য করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি চীনা পর্যটকের ভাষাগত সীমাবদ্ধতাকে উপহাস করে একের পর এক প্রশ্ন করছেন। এমনকি তাকে উদ্দেশ্য করে অশালীন ও অসম্মানজনক মন্তব্যও করতে শোনা যায়। পর্যটক বিষয়টি বুঝতে না পারলেও অভিযুক্তের আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিদেশি অতিথির প্রতি চরম অসৌজন্যমূলক বলে মন্তব্য করেন।

ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, সাময়িক জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর আশায় একজন বিদেশি নাগরিককে হেনস্তা করা হয়েছে, যা দেশের পর্যটন খাত এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

স্থানীয় বাসিন্দা তাহির ইবনে মোহাম্মদ নয়ন বলেন, “একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমাদের অতিথিপরায়ণতার সংস্কৃতির সঙ্গে এ ধরনের আচরণের কোনো মিল নেই।”

আরেক বাসিন্দা রায়হান বলেন, “পাহাড়পুর বাংলাদেশের গৌরব। এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সবার দায়িত্ব।”

তবে অভিযুক্তের ছেলে রাফি দাবি করেন, “আমার বাবা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। তিনি মজার ছলেই ভিডিওটি করেছিলেন।”

ঘটনাটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিমের নজরে এলে তিনি টুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাই শেষে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

মোহাম্মদ ফজলুল করিম বলেন, “পাহাড়পুর একটি বিশ্ব ঐতিহ্যবাহী প্রত্নস্থল। এখানে আগত বিদেশি পর্যটকদের সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের সুনামের জন্য ক্ষতিকর। বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পাহাড়পুর টুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর মেসবাহুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরপরই তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু নওগাঁর নয়, সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এখানে আগত কোনো বিদেশি পর্যটককে হেনস্তা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এ স্থাপনা পরিদর্শনে আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category