স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবীব বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ করেন।