কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা পর্যায়ে টার্গেটবল প্রশিক্ষণ এবং ভৈরব উপজেলা গোল্ডকাপ টার্গেটবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ভৈরব উপজেলা কমপ্লেক্স মিলনায়তন ও ভৈরব উপজেলা স্টেডিয়াম মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভৈরব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মুজিবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক এবং ভৈরব উপজেলা গোল্ডকাপ টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজনসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বি. এম. শহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ দীন ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব সরকারি কাদিরবক্স উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ পুলিশ টার্গেটবল দল।
আয়োজকরা জানান, ভৈরবের তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং টার্গেটবল খেলাকে উপজেলা পর্যায়ে জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পুরুষ ও নারী উভয় বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, টার্গেটবল একটি সম্ভাবনাময় দলীয় খেলা। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় পর্যায়ে ভৈরবের প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তাই ভৈরবে টার্গেটবলের মতো নতুন খেলাকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে টার্গেটবল খেলাকে আরও বিস্তৃত ও জনপ্রিয় করার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরির প্রত্যাশা করছেন আয়োজকরা।