কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ গত ১৬ আগস্ট, ২০২৬ তারিখে রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এক বিশেষ অভিযান পরিচালনা করে। ভুরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) জনাব মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) জনাব আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক, চোরাচালান ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ করা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার জনৈক রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালায়।
এই স্থানগুলো থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৬৮ পিস থান কাপড়। প্রতি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সুতরাং, মোট ৩২১৬ মিটার কাপড় জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিসের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
এই ঘটনায় মাদক ও চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নাগেশ্বরী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে। মামলায় নির্দিষ্ট কয়েকজন এবং কয়েকজন অজ্ঞাতনামা সীমান্ত চোরাকারবারিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
অভিযান প্রসঙ্গে ভুরুংগামারী ও নাগেশ্বরী সার্কেলের এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানাতেও এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।