সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় শিক্ষার অগ্রগতি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ এবং আধুনিক ডিজিটাল জ্ঞানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনায় স্থানীয় প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে চলমান সরকারি বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। একই সঙ্গে নিরক্ষরতা দূরীকরণে জনসচেতনতা বাড়ানো এবং শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বেলকুচির যমুনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও মতামত তুলে ধরা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ও চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার স্বাভাবিক রাখতে কার্যকর ও নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু অক্ষরজ্ঞান অর্জন কিংবা নিজের নাম লিখতে পারাকেই পূর্ণাঙ্গ সাক্ষরতা হিসেবে দেখার সুযোগ নেই। আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কম্পিউটিং দক্ষতা ও মৌলিক ডিজিটাল জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।
নিরক্ষর বয়স্ক নাগরিকদের সাক্ষর করে তুলতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ইন্টারনেট ও ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এর মধ্যে অনেক তথ্যই মিথ্যা, বানোয়াট বা বিভ্রান্তিকর হতে পারে। তাই কোনো ঘটনার সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার, কমেন্ট বা আপলোড না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, চরাঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা এবং সময়োপযোগী ডিজিটাল শিক্ষার প্রসারে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়