সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায় থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এ সময় বেলকুচি উপজেলার আওতাধীন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক, সাংস্কৃতিক শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও মানবতার বাণী পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নজরুলের সাম্যবাদ ও সমসাময়িক প্রাসঙ্গিকতা’ বিষয়ে উপস্থিত ও নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে অভ্যন্তরীণ পর্যায়ে বাছাই প্রতিযোগিতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীরা উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে প্রতিযোগিতার মূল্যায়ন নিশ্চিত করতে স্থানীয় নজরুল গবেষক, অভিজ্ঞ সংগীতশিল্পী ও আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে বিচারক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক বাছাইপর্ব সম্পন্ন করে উপজেলা পরিষদ মিলনায়তন অথবা নির্ধারিত স্থানে উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা নজরুলের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন