কৃষকের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।
বুধবার (২৪ জুন) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অষ্টগ্রামের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. শাহীনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল হালিম।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকের উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়ন সম্ভব।
তারা আরও বলেন, PARTNER প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে আধুনিক ও বাজারমুখী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় আরও উল্লেখ করা হয়, পার্টনার কংগ্রেস প্রকল্পভুক্ত কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগ উপস্থাপন এবং কৃষি, প্রাণিসম্পদ, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কৃষকদের সমস্যা, সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি সম্প্রসারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত কৃষি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।