গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “কোনো ব্যক্তি সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করলে প্রচলিত আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। গোপালগঞ্জে এ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। সরকারি খাস জমি ও রাষ্ট্রের অধিকারভুক্ত কোনো জমিই অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব ধরনের অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরো বলেন, সরকারি জমি রক্ষায় অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।