চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেছেন, সন্ত্রাসীদের সাম্রাজ্য ভেঙে পড়ছে বলেই তারা হামলার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে রোববার দিবাগত রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসী ইয়াসিন বাহিনী।এসপি মাসুদ আলম বলেন, “সন্ত্রাসীদের সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই তারা ঝাঁকুনি দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের সেটা করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।”
হামলার পর সোমবার ভোর থেকে যৌথ বাহিনীর বড় একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে তল্লাশি চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা এলাকায় প্রবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পথ কেটে দিয়েছে। তবে কোনো ধরনের বাধা ছাড়াই অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।
সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে কোনো হতাহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং বর্তমানে র্যাব–এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত সেই অভিযানে তিনটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল।
জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একটি চক্র অবৈধভাবে জমি দখল, জাল কাগজ তৈরি এবং জমি হস্তান্তরের কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দখলবাজদের তৎপরতায় দীর্ঘদিন সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহজে প্রবেশ করতে পারেননি।