কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক নারী কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় নিহত রাশেদা বেগম (৪০), রোস্তম আলীর স্ত্রী ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই নারী কর্মী সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেন (২০)-কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালেই তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।”
একটি শোক বার্তায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় নিয়োজিত নারী কর্মীর মৃত্যুতে উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোক বার্তা প্রকাশ করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।