পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মৌলভীবাজার শহরের বিভিন্ন ঢাকা-গামী বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি এবং পরিবহন সেবায় অনিয়ম প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় ভাড়া তালিকা, টিকিট ব্যবস্থা ও সার্বিক পরিবহন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও সরকারি এই অভিযান অব্যাহত রাখা হয়। দিনভর বৃষ্টির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় বাস টার্মিনাল এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ মৌলভীবাজারের মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান, বেঞ্চ সহকারী/অফিস সহকারী মোঃ আব্দুল কাইয়ুম এবং আনসার প্রশিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান। এছাড়াও চারজন সশস্ত্র আনসার সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী বলেন,
“ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট নিয়ে অনিয়ম কিংবা যাত্রীদের সঙ্গে অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক পরিচালক জানান,
“ঈদ সামনে রেখে যাত্রীদের সঙ্গে ভালো আচরণ এবং নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ চলছে।”
সচেতন মহলের মতে, ঈদকে সামনে রেখে প্রশাসনের এমন নিয়মিত তদারকি অব্যাহত থাকলে সড়কপথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা অনেকটাই কমে আসবে।