• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline

যাত্রাবাড়ীতে এক নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণ: আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: আরও এক আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর রাতভর অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে উজ্জ্বল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার উজ্জ্বল পেশায় একজন ভ্যানচালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ধলপুর এলাকায় সংঘটিত এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন অটোরিকশা চালক রুবেল ও স্থানীয় একটি দোকানের কর্মচারী জাকির হোসেন। পুলিশ জানায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গ্রেপ্তার উজ্জ্বলকে বুধবার (২৭ মে) আদালতে হাজির করা হবে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মে মধ্যরাতে ধলপুর এলাকার একটি গলিপথে অটোরিকশায় করে ওই নারীকে আনা হয়। পরে তাকে পাশের একটি ভবনের নিচতলা ও আশপাশের এলাকায় নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরদিন সকালে স্থানীয়রা ওই নারীকে অচেতন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়।

নির্যাতনের শিকার নারীর ছোট ভাই জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা করা হলেও পরে ১৭ দিন পর ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র- চ্যানেল 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category