রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অর্থ কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অর্থ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।সভায় নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভার শুরুতে সভাপতি উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত সকল সদস্যকে স্বাগত জানান।সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটসহ সরকারের অত্যাবশ্যকীয় পরিপত্র পরিপালন ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ৮ম সভার কার্যবিবরণী নিশ্চিত ও অনুমোদন করা হয়। এছাড়াও বাজেট ওয়ার্কিং গ্রুপ (বিডব্লিউজি) ও বাজেট ম্যানেজমেন্ট কমিটির (বিএমসি) সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট অনুমোদনের সুপারিশ, যানবাহন পুলের জন্য ক্রয়কৃত পিকআপ গাড়ির ক্রয় সংক্রান্ত কমিটির প্রতিবেদন অনুমোদন, অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানী হার, নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের পারিতোষিক, সেমিনার খাতভিত্তিক সম্মানী হার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদিত হার এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনপূর্বক অনুমোদন দেওয়া হয়।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য মোছা: নাজমুন নাহার জুম প্ল্যাটফর্মে অনলাইনে যুক্ত ছিলেন।এসময় আরও উপস্থিত ছিলেন রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থ কমিটির সদস্য মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনাইদ কবির, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় অনুমোদিত আর্থিক বিষয়াদি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ কমিটির সুপারিশসহ পরবর্তী রিজেন্ট বোর্ডে উপস্থাপন করা হবে।