• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline

শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ।

পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কমরেড ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রূপন কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবির নেত্রকোনা জেলা কমিটির সম্পাদক ও মেলা কমিটির সমন্বয়কারী আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন মুকুল, অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিউল আলম স্বপন ও জাহাঙ্গীর আলম রিপন এবং নারী নেত্রী তাসলিমা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী গণসংগ্রাম, টঙ্ক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সমাজ বিনির্মাণে কমরেড মণি সিংহের আদর্শ অনুসরণ সময়ের দাবি।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামময় জীবন শেষে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category