সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির মালিকানা কিংবা কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।