কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার(০৫ আগস্ট) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর এলাকার ইকুরদিয়া ঘাট সংলগ্ন আসাদুজ্জামানের খাবার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়।৷ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. মফিজ আলী (৬৫) এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ চরপাড়া গ্রামের ইউনুস শিকদারের ছেলে সোহেল রানা ওরফে হাফিজার (২৮)।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় অবস্থান করে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের নজর এড়াতে তারা কখনো পাগল বা ভিক্ষুকের ছদ্মবেশ, আবার কখনো শারীরিক প্রতিবন্ধী সেজে মাদক পরিবহন করত বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।