বাংলা নববর্ষ মানেই প্রাণের উৎসব, রঙিন সাজ, বর্ণিল আয়োজন আর বাঙালিয়ানার গর্ব। কিন্তু পহেলা বৈশাখ সাধারণত এপ্রিলের উদযাপিত হয়। এসময় আবহাওয়া থাকে বেশ গরম। তাই পোশাক নির্বাচন হতে হবে আরামদায়ক, হালকা। তবে আরামের সঙ্গে বাঙালিয়ানাও থাকতে হবে পোশাকে।
আসুন দেখে নেওয়া যাক এই গরমে নববর্ষ উদযাপনে নারী, পুরুষ ও শিশুরা কোন ধরনের পোশাক স্বাচ্ছন্দ্যে পরতে পারেন-
সুতি শাড়ি
পহেলা বৈশাখে লাল-সাদা রঙের সুতি শাড়ির কদর চিরকাল। সুতি কাপড় শরীরের ঘাম শুষে নেয় এবং আরাম দেয়। হালকা তাঁতের শাড়ি বা হ্যান্ডলুম কটনও হতে পারে ভালো বিকল্প। লাল-সাদা ছাড়াও এর সঙ্গে বিভিন্ন উজ্জ্বল রঙের মিশেলের সুতি শাড়ি বেছে নিতে পারেন। ব্লাউজ এক কালার লাল দিয়ে পরলে বেশ ভালো লাগবে।
সালোয়ার কামিজ/কুর্তি
যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা লুজ ফিটিংয়ের সুতি সালোয়ার কামিজ বা কুর্তি পরতে পারেন। কাঁধ, গলা ও হাতার ডিজাইন একটু উন্মুক্ত হলে গরম কম লাগবে। লাল, সাদা, অফ-হোয়াইট, হলুদ, কমলা বা পাটের রঙের মিশ্রণে ব্লক প্রিন্ট বা হাতের কাজ করা পোশাক বেশি মানায়।