জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বৈরাচারবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০:৩০ মিনিটে শহীদ ইমন ও তনয়ের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান, ডা. মুহিবুল্লাহ সৌরভ, কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা কাপ্তান মিয়া ও সুখেন আহমেদ, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত দত্ত, সাংবাদিক ঝুটন মিয়া এবং অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা সানজিদা হক।
সংবর্ধনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা প্রেক্ষাপট গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল ক্ষমতার পরিবর্তন নয়; বরং এটি একটি ন্যায়ভিত্তিক ও স্বৈরাচারমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রতিটি স্তরে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায় দূর করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, জুলাইয়ের চেতনা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। দল-মত নির্বিশেষে এই চেতনা ধারণ করে অষ্টগ্রাম উপজেলাকে একটি মডেল, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জুলাই যোদ্ধাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধিত যোদ্ধারা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের যেকোনো প্রয়োজনে রাজপথে থাকা ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।