নওগাঁর বদলগাছীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উম্মে কুলছুম নামের এক স্কুলশিক্ষক। আর প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে হৃদয়বিদারকভাবে মারা গেছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম। একই দিনে শিক্ষক-শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উম্মে কুলছুম উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক মমতাজ জাহান। তিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।
অপরদিকে মারা যাওয়া শিক্ষার্থী তাসনিম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর দেখেই তাসনিম হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে দ্রুত তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়েটা ফেসবুকে তার শিক্ষকের মৃত্যুর খবর দেখেই অচেতন হয়ে পড়ে। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তার জানালেন, আমার মেয়েটা আর নেই।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন,
“হঠাৎ কোনো আকস্মিক ও মানসিকভাবে আঘাতমূলক ঘটনা দেখে শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী সিএনজিটি গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান শিক্ষক উম্মে কুলছুম। গুরুতর আহত হন মমতাজ জাহান।
পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
একই দিনে শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যালয় প্রাঙ্গণ এবং পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,
“সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। পরে ওই শিক্ষকের মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদও পেয়েছি। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”