কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং শিক্ষার প্রসারে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) আয়োজিত এ দুই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার ২৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ৮২ জন ট্যালেন্টপুলে এবং ১৬১ জন সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী।
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার।
একই দিন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে ১২৫ জন প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ফুল, মেডেল, ক্রেস্ট, শিক্ষাবৃত্তি ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার (স্বপন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না—এই লক্ষ্য নিয়েই উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী ও নদীভাঙনকবলিত এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং মেধার যথাযথ মূল্যায়নে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একই দিনে দুই উপজেলায় মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানকে ঘিরে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী জুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।