মাদকমুক্ত সমাজ গড়তে হলে শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যাতে ছেলে-মেয়েরা মাদকের দিকে না ছুটে খেলায় মনোনিবেশ করে। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল ধারায় গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশুদের মোবাইল ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে।
বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরে তিনি সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও গুনিজন অনুষ্ঠানে যোগদান করেন।