প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ উপলক্ষে আলোচনা সভা, উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাংরাপাড়া একাডেমি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিজন কান্তি সরকার।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল,
স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীব্বা মীরা,মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, কেন্দ্রীয় কমিটি শিশির দিওসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট, ময়মনসিংহের সহযোগিতায় উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং ঘর বিতরণ করা হয়। শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।