চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হলেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই পায়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা তলব করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক গত ২ জানুয়ারি বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বই বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান ২১ মে স্বাক্ষরিত এক চিঠিতে রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। চিঠিতে উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান বলেন, রায়কালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে। কিন্তু এখনো অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী বিজ্ঞান বই পায়নি বলে অভিযোগ করেছ। এঘটনায় প্রধানশিক্ষকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রায়কালী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক বেলাল হোসেন কারণর্দশানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বইয়ের বদল ৩০ টি অন্য বই এসেছিল। একারণে কয়েক জন শিক্ষার্থীকে বিজ্ঞান বই দেওয়া যায়নি। ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বই পায়নি এমন অভিযোগ সঠিক নয়। কারণদর্শনোর নোটিশ পেয়েছি। চিঠিতে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জবাব দেব।