টাঙ্গাইলের মধুপুর ফিল্ম ক্লাবের আয়োজনে রিলস্ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে(রবিবার) বিকেল মধুপুর ক্লাব মিলনায়তনে মধুপুর ফিল্ম ক্লাবের আয়োজনে এ পরিচিতি সভা, রিলস উৎসব ও সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মধুপুর ফিল্ম ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে সদস্য ও অতিথি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার বিকাশে মধুপুর ফিল্ম ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিলস উৎসব। এতে বিভিন্ন নির্মাতা ও কনটেন্ট নির্মাতাদের সৃজনশীল কাজ প্রদর্শন করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য এ ধরনের আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
চলচ্চিত্র পরিচালক সবুজ খান এর সভাপতিত্বে এবং জয়নাল আবেদীন এর
সার্বিক পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মধুপুর ফিল্ম ক্লাব ভবিষ্যতে চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে কাজ করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সফল আয়োজনের মধ্য দিয়ে মধুপুর ফিল্ম ক্লাবের পথচলায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং চলচ্চিত্রপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।