শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে শৈলেন্দ্র নাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছেন না।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই নিজের শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ কারণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
পদত্যাগপত্রের শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।